প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯:০১:৩৯ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের তল্লাশিতে প্রায় দুই টন অবৈধ পলিথিনের চালান জব্দ হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ৫ সেপেটেম্বর ২০২৬ ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে পুলিশের চেকপোস্ট বসানো ছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে খুলনা থেকে আসা একটি রয়েল পরিবহনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে পরিবহনটি থেকে ২৫ বস্তা অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। এসব পলিথিনের মোট ওজন আনুমানিক ২ হাজার কেজি বলে জানিয়েছে পুলিশ।
পলিথিনের চালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সালাউদ্দিন সরদার মুনা (৩১) ও মো. শিপন হোসেন (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সালাউদ্দিন খুলনার পাইকগাছা থানার গদাইপুর গ্রামের আবু হোসেন সরদারের ছেলে। আর শিপন মোংলা থানার শেলাবুনিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে পলিথিন সরবরাহের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পলিথিন সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা নম্বর-৬ দায়ের করা হয়েছে। মামলায় পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ (সংশোধিত)-এর ১৫(১) ধারা উল্লেখ করা হয়েছে।















