সাঈদ ইবনে হানিফ : ২৯ মে ২০২৬ , ১২:০৪:২২ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রায় ৫০০ বছরের পুরনো একটি বটগাছ ভেঙে পড়েছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে আকস্মিকভাবে গাছটি ভেঙে পড়লে এলাকায় শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের চাড়াভিটা-ঘুনী সড়কের পাশে অবস্থিত ঐতিহাসিক এই বটগাছটি কয়েক শতাব্দী ধরে এলাকার ঐতিহ্য ও স্মৃতির অংশ হয়ে দাঁড়িয়ে ছিল।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোনো ধরনের ঝড়-বৃষ্টি বা দমকা হাওয়া ছাড়াই হঠাৎ পুরো গাছটি ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বাঘারপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে গাছটি কেটে সরিয়ে নেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, ঘোষনগর বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা এরশাদ আলী, যুব জামায়াতের ইউনিয়ন সভাপতি মাস্টার শহিদুল ইসলাম বুলবুল, সাবেক ইউপি সদস্য কওছার আলী, শিমুল রানা, রবিউল ইসলাম ও মানিক বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
গাছটি ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন ঘটনাস্থলে। স্থানীয়দের ভাষ্য, এই বটগাছকে ঘিরে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনের অসংখ্য স্মৃতি জড়িয়ে ছিল। পাশাপাশি গাছটি নিয়ে নানা ধরনের লোককথা ও অলৌকিক ঘটনার প্রচলনও ছিল এলাকায়।
স্থানীয়দের মতে, গাছটি ভেঙে পড়ার মধ্য দিয়ে শুধু একটি পুরনো বৃক্ষেরই পতন হয়নি, বরং এলাকার দীর্ঘদিনের ইতিহাস, স্মৃতি ও লোকজ বিশ্বাসেরও এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।




















