সারাদেশ

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মাদ আলী রায়হানের ইন্তেকাল

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩০ নভেম্বর ২০২৫ , ৭:৫২:২৩ প্রিন্ট সংস্করণ

 

যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান (৬৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩টা ১০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হান যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মরহুম আসগর আলী মণ্ডল ও মরহুমা ছায়েরা খাতুনের ছেলে। তিনি ছাত্রজীবনেই রাজনীতিতে সক্রিয় হন। এসএসসি ও এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন এবং জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর ১৯৮৯ সালের রাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হন।

১৯৯২ সালে ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ১৯৯৫ সালে সভাপতি নির্বাচিত হয়ে যুব রাজনীতিতে নেতৃত্ব দেন। স্থানীয় সরকার নির্বাচনে তাঁর জনপ্রিয়তা ছিল উল্লেখযোগ্য—১৯৯২, ১৯৯৭ ও ২০০৩ সালে টানা তিনবার শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

২০০৪ ও ২০১৫ সালে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালে সহসভাপতি নির্বাচিত হন। একই বছর তিনি দলীয় মনোনয়নে ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন আইন পেশার একজন সক্রিয় সদস্য। যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং যশোর জেলা জজ ও সেশন জজ আদালতের নিয়মিত আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রবিবার দুপুর ১টার দিকে যশোর উকিল বারে আইনজীবী সমাজের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর যোহরের নামাজ শেষে বাগআঁচড়া বাজারের বড় মসজিদে প্রথম জানাজা এবং আসরের নামাজের পর নিজ গ্রাম শংকরপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে যশোর আওয়ামী লীগ, আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

আরও খবর

Sponsered content