প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১:১১:১৬ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের আগে ইরানকে পুরোপুরি প্রস্তুত করতে কোচিং ও ফিটনেস বিভাগের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন প্রধান কোচ আমির গালেনোই। কেননা দলের বেশিরভাগ ফুটবলার প্রায় সাত সপ্তাহ ধরে প্রতিযোগিতামূলক খেলার বাইরে রয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের কারণে ইরানের ঘরোয়া শীর্ষ ফুটবল লিগ স্থগিত করা হয়। বিশ্বকাপ শেষ হওয়ার আগে সেই লিগ আবার শুরু হওয়ার সম্ভাবনা নেই।
শনিবার ঘোষিত ৩০ সদস্যের দলে থাকা ২২ জন খেলোয়াড়ই ইরানের স্থানীয় ক্লাবের ফুটবলার। মার্চের শেষ দিকে কোস্টারিকা ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর থেকে তারা রাজধানী তেহরানে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পেই সীমাবদ্ধ ছিলেন।
সোমবার তুরস্কে রওনা হওয়ার আগে ইরান ফুটবল ফেডারেশনের সাময়িকীতে গালেনোই বলেন, ‘স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের বর্তমান প্রস্তুতি নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট নই।’
তিনি আরও বলেন, ‘তবে আড়াই থেকে তিন সপ্তাহের অনুশীলন ক্যাম্পে আমরা এই ঘাটতির প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পূরণ করতে পারব বলে বিশ্বাস করি।’
স্থানীয় ফুটবলারদের আধুনিক ফুটবলের চাহিদা অনুযায়ী গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইরান কোচ। তার মতে, বয়সের দিক থেকে দল ভালো অবস্থানে থাকলেও এখনও বেশ কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ‘দৃঢ়তা ও ইতিবাচক মানসিকতা নিয়ে তুরস্ক ক্যাম্পে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’
আগামী ২৯ মে প্রীতি ম্যাচে গাম্বিয়ার মুখোমুখি হবে ইরান। এরপর বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন গালেনোই। আন্তর্জাতিক ফুটবল সংস্থার নির্ধারিত সময়সীমা আগামী ১ জুন।
ইরান ফুটবল ফেডারেশন তুরস্কে আরও একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নিজেদের ক্যাম্পে পুয়ের্তো রিকোর বিপক্ষে দর্শকবিহীন একটি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে, যদি তারা কোনো জটিলতা ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারে।
গালেনোই বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমরা কাঙ্ক্ষিত শারীরিক অবস্থায় পৌঁছাতে পারব বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘চারপাশের নানা বিভ্রান্তি ও পারিপার্শ্বিক সমস্যা সত্ত্বেও তুরস্কের এই অনুশীলন ক্যাম্প আমাদের প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে পরিণত হয়েছে।’
বিশ্বকাপে আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। আর ২৬ জুন মিসরের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে দলটি।















