প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০৫:৫৮ প্রিন্ট সংস্করণ
ভোট কেনার উদ্দেশ্যে কেউ টাকাসহ বের হলে তাদের পাঞ্জাবিসহ বেঁধে রাখতে বললেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ বুধবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা শুনতে পেয়েছি, দেবিদ্বারের বিভিন্ন প্রান্ত দিয়ে কালোটাকা প্রবেশ করছে। আপনারা যেখানেই এসব দেখবেন, দেবিদ্বারের এনসিপির কন্ট্রোল রুমে জানাবেন অথবা প্রশাসনকে জানাবেন। আমি খবর পেলেই যতদ্রুত সম্ভব সেখানে যাব।’
তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে যারা আছেন, যারা অর্থ নিয়ে আসছেন, যেসব কুলাঙ্গার, যারা বাংলাদেশকে আবার বিক্রি করে দিতে চায়, যাদের ভুলের কারণে আমাদের তরুণ প্রজন্মকে বছরের পর বছর খেসারত দিতে হয়েছে, রাস্তায় নেমে রক্ত দিতে হয়েছে, যারা আবার টাকা নিয়ে বের হবে, পাঞ্জাবিসহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে। যারা টাকা নিয়ে বের হবে, দেবীদ্বারের এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যারা টাকা নিয়ে বের হবে, টাকাসহ যাদেরকে দেখা যাবে, তাদেরকে গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দিতে হবে।’
এনসিপির এ প্রার্থী বলেন, ‘যারা এখানে আছেন, বিএনপি-জামায়াতের সবাই চায় এখানে সুষ্ঠু ভোট হোক। এখন যারা এখানে টাকা নিয়ে ঢুকেছেন, এদের প্রত্যেকের চূড়ান্ত পরিণতি দেখে নেওয়া হবে।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট আমাদের পবিত্র আমানত। অর্থ দিয়ে ভোট কেনার অপচেষ্টা আমরা কোনোভাবেই হতে দেব না। কালোটাকা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। আমরা মাঠে থেকে তা প্রতিরোধ করব।’





















