সারাদেশ

রংপুরে চার খুন: সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২৯ আগস্ট ২০২৬ , ১১:৫০:২৬ প্রিন্ট সংস্করণ

 

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে সিদ্ধার্থের বাবা বিনয় চন্দ্র দাস ও ভাই পার্থ দাসকে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

রংপুর মহানগর পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার বিভিন্ন বিষয়ে তথ্য জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তবে তারা সময়ক্ষেপণ করায় আজ তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

 

গত শনিবার রাতে মাছুয়াপাড়ার একটি তালাবদ্ধ বাসা থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে চারজনকেই শ্বাসরোধ করে হত্যার তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় পরদিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯)-কে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এ ছাড়া সীমান্ত ও বিদ্যুৎ দাস নামে আরও দুজন আদালতের মাধ্যমে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

চার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content