জাতীয়

রাজধানীর ফুটপাত দখলে জনদুর্ভোগ বৃদ্ধি, প্রশ্ন উঠছে নগর ব্যবস্থাপনা নিয়ে

  নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১০ জুন ২০২৬ , ১০:৫২:৫০ প্রিন্ট সংস্করণ

রাজধানীর প্রধান সড়ক ও ফুটপাতগুলো দিন দিন অবৈধ দখল ও ভাসমান ব্যবসার কবলে পড়ছে। মহাখালী, ওয়্যারলেস গেইট, টিবি গেইট, বনানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতজুড়ে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী ও স্থায়ী দোকান। ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, অনেক এলাকায় জেব্রা ক্রসিংয়ের ওপরই রিকশা, বাস ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকে। এতে সাধারণ মানুষের নিরাপদে রাস্তা পারাপার কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ব্র্যাক ইউনিভার্সিটি ও আশপাশের এলাকায় ফুটপাতের বড় অংশ দখল করে ভাসমান ব্যবসা পরিচালিত হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

মহাখালী এলাকা দেশের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালসমূহ দ্বারা পরিবেষ্টিত। প্রতিদিন হাজারো রোগী, স্বজন, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ এসব সড়ক ব্যবহার করেন। কিন্তু রাস্তার দুই পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগেও যেখানে হাতে গোনা কয়েকটি দোকান ছিল, বর্তমানে সেখানে কয়েকগুণ বেশি দোকান ব্যবসা পরিচালনা করছে। ফলে ফুটপাত ব্যবহার প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এলাকাবাসীর প্রশ্ন, অল্প সময়ের মধ্যে এত বিপুলসংখ্যক দোকান কীভাবে গড়ে উঠল? অনেকের ধারণা, প্রভাবশালী মহলের ছত্রছায়া ও তদারকির অভাবের সুযোগে এসব অবৈধ স্থাপনা বিস্তার লাভ করেছে। আবার স্থানীয়দের একটি অংশের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে এসে কিছু ব্যক্তি ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করছে।

নগর পরিকল্পনাবিদদের মতে, ফুটপাত মূলত পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত। কিন্তু দীর্ঘদিনের দখল, অব্যবস্থাপনা ও দুর্বল নজরদারির কারণে রাজধানীর অনেক ফুটপাত এখন ব্যবসা পরিচালনার স্থানে পরিণত হয়েছে। এতে একদিকে জনদুর্ভোগ বাড়ছে, অন্যদিকে নগর ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে পড়ছে।

সচেতন নাগরিকরা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত রাখা, রোগীদের হাসপাতালে যাতায়াত সহজ করা, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে দখলমুক্ত পরিবেশ গড়ে তোলা জরুরি।

নাগরিকদের ভাষায়, রাজধানীর ফুটপাত জনগণের সম্পদ। তাই এখন প্রশ্ন উঠছে—ফুটপাত কি পথচারীদের জন্য, নাকি দখলদারদের জন্য?

আরও খবর

Sponsered content