মো. সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৫ ডিসেম্বর ২০২৫ , ১:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ
রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত তিন মাসে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৩৭ জন। এ ছাড়া তিন মাসে জেলায় মোট ৮৯৯টি অপরাধ সংঘটিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।
তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬টি খুনের ঘটনা ঘটে। এ মাসে ৩৫টি চুরি, ৪টি অপহরণ এবং ৯টি ধর্ষণের ঘটনা ঘটে। পাশাপাশি নারী নির্যাতনের শিকার হন ২৮ জন। সেপ্টেম্বর মাসে মোট অপরাধ সংঘটিত হয় ৩০৪টি।
অক্টোবর মাসে জেলায় ৫ জন খুন হন। এ সময় ৩২টি চুরির ঘটনা ছাড়াও ৩টি সিঁধেল চুরি ঘটে। একই মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে ২০টিই ঘটে মহানগরীর বাইরে উপজেলা পর্যায়ে। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটে। এ মাসে মোট অপরাধের সংখ্যা ছিল ৩১৩টি।
নভেম্বর মাসে জেলায় ২টি খুনের ঘটনা ঘটে। ২০টি চুরি ও ২টি সিঁধেল চুরির ঘটনা ছাড়াও ৩টি অপহরণ সংঘটিত হয়। এ মাসে নারী ও শিশু নির্যাতনের শিকার হন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাইরে। পাশাপাশি ৭ জন ধর্ষণের শিকার হন। নভেম্বর মাসে মোট অপরাধ সংঘটিত হয়েছে ২৮২টি।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।





















