প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ২:১১:২২ প্রিন্ট সংস্করণ
ভাষাসৈনিক, শিক্ষাবিদ ও ‘পদাতিক’ নাট্যদলের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মরণে দেড় দশকের বেশি সময় ধরে নাট্যোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) থেকে শুরু হচ্ছে এবারের উৎসব, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এতে ছয় নাট্যদলের ছয়টি নাটক মঞ্চস্থ হবে।
প্রতি বছরের মতো এবারও উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এবার সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও শিক্ষক ওয়াহিদা মল্লিক জলি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক নাট্যজন কামাল বায়েজিদ। উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পদাতিক নাট্য সংসদের সভাপতি তাসনিন হোসাইন তানু।
এবারের নাট্যোৎসবে পদাতিক নাট্য সংসদের পাশাপাশি দেশের স্বনামধন্য ছয়টি নাট্যদল অংশ নেবে। দলগুলো হলো- দেশ নাটক, এথিক, থিয়েটার ফ্যাক্টরি, বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ ও জাহাঙ্গীরনগর থিয়েটার।
এদিকে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলের লবিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করা হবে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’-এর। এরপর প্রদর্শিত হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’, নির্দেশনা ও তত্ত্বাবধানে কামাল আহমেদ।
আগামীকাল শুক্রবার সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, পরিকল্পনা ও নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। উৎসবের প্রতিদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় পর্যন্ত শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকবে সাংস্কৃতিক পর্ব ‘বহিরাঙ্গন অনুষ্ঠান’। এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হবে নাট্য প্রদর্শনী। ২৭ জুন মঞ্চস্থ হবে থিয়েটার ফ্যাক্টরির ‘কমলা রঙের বোধ’, নির্দেশনায় অলোক বসু। ২৮ জুন এথিক নাট্যদল মঞ্চায়ন করবে ‘সুড়ঙ্গ’, নির্দেশনায় মিন্টু সরদার। ২৯ জুন থাকবে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের ‘জালালউদ্দিন রুমী’, নির্দেশনায় সুজন মাহবুব। সমাপনী দিন ৩০ জুন প্রদর্শিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘বিধিবাম’।











