সিলেট প্রতিনিধি: ২২ মে ২০২৬ , ৭:৫৯:৫৬ প্রিন্ট সংস্করণ
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই এলাকায় কোরবানির গরু কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ঘটনাটি গত ১৬ মে (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চারাবই বাজার জামে মসজিদের পূর্ব পাশের সড়কে ঘটে।
মামলায় অভিযুক্ত করা হয়েছে চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে সাইদ আহমদ (ডালিম) (২৫), শাহিন আহমদ (৩০) এবং অজ্ঞাতনামা আরও একজনকে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে দিলদার হোসেন খান ও তার ভাতিজা হাবিবুর রহমান খান (৩০) স্থানীয় তানভীর আহমদের বাড়িতে কোরবানির গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা প্রথমে তাদের মারধর করে। একপর্যায়ে ধস্তাধস্তির সময় দিলদার হোসেন ও তার ভাতিজা মাটিতে পড়ে যান। পরে তাদের কাছে থাকা কোরবানির গরু কেনার জন্য আনা নগদ ২ লাখ টাকা, প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি হাতঘড়ি এবং একটি টর্চলাইট ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় শাহিন আহমদ লোহার জিআই পাইপ দিয়ে দিলদার হোসেনের মাথায় আঘাতের চেষ্টা করেন। আঘাতটি ঘাড় ও পিঠে লাগে। অন্যদিকে সাইদ আহমদ (ডালিম) লোহার রড দিয়ে হাবিবুর রহমানকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৭ মে থানায় একটি মামলা দায়ের হয়েছে (মামলা নং-১৩)। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারকে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















