সারাদেশ

রংপুরে ৪ খুন আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ১:২৭:৫৮ প্রিন্ট সংস্করণ

রংপুর মহানগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার জনকে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুরের আইনজীবি সমিতি।

আজ শনিবার সকালে জেলা আইনজীবী সমিতির ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রংপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আফতাব উদ্দিন।

তিনি বলেন, ’আমরা চাই অরিজিনালি যারা দোষী, তারা যেন শাস্তি পায়। এটাকে কোনোভাবে যেনে রাজনীতিকরণ না করা হয়। এটাকে রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো বলা যাবে না তদন্ত সঠিক হচ্ছে কিনা। তদন্ত কাজের জন্য আমাদের আরেও একটু অপেক্ষা করতে হবে। আমাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করে যে আইনজীবীরা টাকা পেলে সবকিছু করতে পারে। এই জন্য আমরা আইনজীবী সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে পরবর্তীতে যদি কোনো তথ্য উপাত্ত না পাই, তাহলে আপাতত এই মোকদ্দমায় যারা গ্রেপ্তার হবে তাদের পক্ষে আমরা কোনো প্রকার আইনি লড়াই করব না।’

এ্যাড. আফতাব উদ্দিন বলেন, পারিপার্শ্বিকতার উপর বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তটা এক সপ্তাহ,দুই সপ্তাহ, এক মাস, ছয় মাস পর্যন্ত রাখতে পারি। এর মাধ্যমে আমরা লোকজনকে মেসেজ দিতে চাই যে আইনজীবীরা টাকার বিনিময়ে যে অন্যায়কে সমর্থন করে, এই বক্তব্যটা সঠিক নয়। আমরা চাই গণপতি চক্রবর্তীর পরিবারের হত্যাকাণ্ডের সঠিক বিচার হোক। আইনজীবি সমিতির পক্ষ হতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে। এই মামলাটা যদি হাইকোর্টেও যায় আইনজীবী সমিতির পক্ষ হতে ওখানেও আমরা সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।’

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content