সারাদেশ

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ , ১২:৩৪:২৯ প্রিন্ট সংস্করণ

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার যৌথ আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ‘মাদককে না বলুন’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামান মনির এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিবুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “যে মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না।” তারা বলেন, মাদক একটি সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা যথেষ্ট নয়। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। তরুণ সমাজকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content