আন্তর্জাতিক

রাজতন্ত্র নিয়ে আপত্তিকর কনটেন্ট অপসারণে টিকটকের নির্দেশ মালয়েশিয়ার

  প্রতিনিধি ২২ মে ২০২৬ , ২:৫৫:২৪ প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়ার রাজতন্ত্রকে কেন্দ্র করে আপত্তিকর ও মানহানিকর পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের প্রতি কঠোরনির্দেশ দিয়েছে দেশটির ইন্টারনেট নজরদারি সংস্থা।

আজ শুক্রবার কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সংস্থাটি বৃহস্পতিবার জানায়, তারা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমের নামে একটি ভুয়া অ্যাকাউন্টের কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় সংস্থাটি।

নজরদারি সংস্থাটি জানায়, টিকটককে তার কনটেন্ট নিয়ন্ত্রণ নীতি আরও কঠোর করতে হবে এবং কেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি অত্যন্ত আপত্তিকর, মিথ্যা, হুমকিমূলক ও অবমাননাকর ভিডিও ও বিকৃত ছবির প্রচারণা বন্ধ করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে হবে।

তারা আরও জানায়, অনলাইনে এমন বিষয়বস্তু ছড়ানো হচ্ছে যা রাজতন্ত্রের জন্য ক্ষতিকর বা বিভ্রান্তিকর। এটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এর আগে দেওয়া সতর্কতার পরও টিকটকের প্রতিক্রিয়া অসন্তোষজনক হওয়ায় এই কঠোর নির্দেশ জারি করা হয়েছে বলে জানান হয়।

তবে টিকটক এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

নজরদারি সংস্থাটি বলেছে, প্রয়োজনে তারা কঠোর ও উপযুক্ত ব্যবস্থা নেবে, যাতে মালয়েশিয়ায় কার্যরত ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিরাপদ, সুরক্ষিত এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখে।

মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজপরিবারের বিরুদ্ধে ঘৃণা বা অবমাননামূলক বক্তব্যকে ১৯৪৮ সালের একটি আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

এর আগে জানুয়ারিতে একই সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সহকারী গ্রকের প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ করেছিল, কারণ এটি ব্যবহার করে সম্মতি ছাড়া আপত্তিকর ছবি তৈরি করা হচ্ছিল।

এছাড়া সরকার গত বছর পাস হওয়া ষোলো বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত একটি আইন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

আরও খবর

Sponsered content