সারাদেশ

রাজশাহীকে আরও সুন্দর করে গড়ে তুলতে কাজ করতে চাই: রাসিক প্রশাসক

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ২ এপ্রিল ২০২৬ , ৬:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত চলমান উন্নয়ন কাজ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাসিক প্রশাসক বলেন, “রাজশাহী একটি সুন্দর শহর। এটিকে আরও উন্নত ও আধুনিক করে গড়ে তুলতে চাই। সরকারের নির্দেশনা ও আইন মেনে সকলের সহযোগিতায় নগরীকে নতুনভাবে সাজানো হবে।”

তিনি বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশন জনগণের কাছে দায়বদ্ধ। দলমত নির্বিশেষে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, নগরবাসীর সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। পাশাপাশি আগামী ৯০ দিনের উন্নয়ন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।

সভায় প্রশাসক চলমান উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখা, অসমাপ্ত প্রকল্প দ্রুত শেষ করা এবং কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content