নওগাঁ প্রতিনিধি: ২৮ মার্চ ২০২৬ , ১০:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুরমান্দার রঘুনাথ জিউ মন্দিরে রাম নবমী উপলক্ষে হাজারো ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) ভোর থেকে পূজা-অর্চনার মধ্য দিয়ে মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হয়। দিনভর কীর্তন, প্রসাদ বিতরণ ও বিশেষ ভোগ নিবেদনের মধ্য দিয়ে মুখর ছিল মন্দির প্রাঙ্গণ।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই তীর্থস্থানে রাম নবমীর মূল অনুষ্ঠানে অংশ নেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এবং ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি।
স্থানীয় প্রবীণরা জানান, একসময় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া শিবনদে গঙ্গাস্নান শেষে পদ্মপাতা মাথায় নিয়ে ভক্তরা ঠাকুর দর্শনে যেতেন। সময়ের পরিবর্তনে নদীর সেই জৌলুস কমলেও ভক্তদের আগ্রহ কমেনি। বর্তমানে মন্দিরসংলগ্ন পুকুরে স্নান করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তরা মানত পূরণ ও পূজা দিতে আসছেন।
উৎসবকে ঘিরে ঠাকুরমান্দা বাজারে বসেছে গ্রামীণ মেলা, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক জানান, ভোরে আনুষ্ঠানিকতা শেষে মন্দির উন্মুক্ত করা হয় এবং দিনভর ভক্তদের জন্য পদাবলী কীর্তন ও ভজন সংগীতের আয়োজন রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানান কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার। তিনি বলেন, দুই শতাধিক স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, আগামী ৪ এপ্রিল লক্ষণ ভোগের মধ্য দিয়ে ৯ দিনের এই ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।




















