সারাদেশ

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

  হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ৯:১৮:৪৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এ আয়োজন শিশুদের ক্রীড়া, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক প্রতিভা বিকাশের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।

সমাপনী দিনে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক জুলফিকার আলি ভুট্টো, শরীফ আহম্মেদ, মো. আব্দুর রাকিবসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর প্রধান ও সহকারী শিক্ষকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সামীমা নাছরিন, আহসান হাবিব, আঁখি লিলি, সাবেরা কামাল, রেবেকা সুলতানা, জিয়াউর রহমান জিয়া, শাহানাজ পারভিন, লাভলী আক্তারসহ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে শিশুদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন।

আরও খবর

Sponsered content