হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৬:৫৯:৫৮ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব আলম দুলাল (৩৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকর্মী খায়রুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) সকালে নেকমরদ–রাণীশংকৈল মহাসড়কের খুটিয়াটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে মাহাবুব আলম দুলাল ও খায়রুল ইসলাম মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল প্রায় ১০টার দিকে তারা খুটিয়াটুলি এলাকায় পৌঁছালে অন্য একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। তখন নেকমরদগামী একটি কাভার্ড ভ্যান (পিকআপ) মাহাবুবের ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহাবুবকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত খায়রুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত মাহাবুব আলম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ইসলাম সদর উপজেলার ভেলাজান গ্রামের পলিউদ্দীনের পুত্র।
মর্মান্তিক এ দুর্ঘটনার সংবাদে সমাজসেবা অফিসের সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে সেখানে শোকের ছায়া নেমে আসে।
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) কমলেস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”




















