সারাদেশ

রানীশংকৈল থানায় ওসিকে গালাগাল–হুমকির অভিযোগে যুবদল সভাপতির বিরুদ্ধে অভিযোগ

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৫ , ১১:২৬:০৫ প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. নাজমুল হুদা মিঠু থানায় এসে আসামিকে আত্মীয় পরিচয় দিয়ে ছেড়ে দিতে বলেন।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যদের গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি মো. নাজমুল হুদা মিঠু ও স্থানীয় বিএনপি–যুবদল নেতাদের বিরুদ্ধে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে থানায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের চারজন কর্মী–সমর্থককে গ্রেফতার করা হয়। তারা হলেন—বাচোর ইউনিয়নের হামিদুর রহমান (৬০) ও তার ছেলে সারোয়ার নূর লিওন (৩২), ভাউলারবস্তি এলাকার খলিলুর রহমান (৫০) এবং ধর্মগড়ের জিয়াউর রহমান (৪২)।

ওসি জানান, গ্রেফতারের সময় বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি বুধবার সকালে প্রায় ৩০–৩৫ জন নেতাকর্মী নিয়ে থানায় আসেন। এ সময় পীরগঞ্জ উপজেলা যুবদল সভাপতি নাজমুল হুদা মিঠু থানায় এসে ১ ও ২ নম্বর আসামিকে তার আত্মীয় দাবি করে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান এবং আর্থিক প্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে।

ওসি প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ওসিসহ উপস্থিত পুলিশ সদস্যদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

“বাইরে গেলে ঠ্যাং ভেঙে দেব, থানা উড়িয়ে দেব, কিভাবে চাকরি করো দেখে নেব”—বলেন মিঠু, এমন অভিযোগ করেন ওসি আরশেদুল হক।

অভিযোগের বিষয়ে যুবদল নেতা নাজমুল হুদা মিঠু বলেন, “পুলিশ কয়েকজনকে আটক করেছে, তাদের মধ্যে একজন আমার ব্যবসায়িক পার্টনার ছিল। আমি ওসিকে ফোন দিলে তিনি নিজেই থানায় ডাকেন। গিয়ে জানতে চাইলে তিনি ক্ষেপে যান। আমি কোনো হুমকি দিইনি।”

বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদ বলেন, “আমি এখনো পুরো বিষয়টি জানি না। যাচাই করে পরে জানাব।”

ঠাকুরগাঁও পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বলেন, “থানায় এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনে আদালতের আদেশ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content