প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ৪:২৮:১০ প্রিন্ট সংস্করণ
চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’ শীর্ষক একটি চ্যারিটি কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘স্পিরিটস অব জুলাই’ নামে অলাভজনক প্ল্যাটফর্মটি। কনসার্টে পারফর্ম করার জন্য বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলামের সঙ্গে যোগাযোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, কনসার্ট থেকে আয়কৃত সমস্ত অর্থই প্রদান করা হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ। এ লক্ষ্যে গত ২ নভেম্বর ২০২৫ তারিখে প্ল্যাটফর্মটি সংস্থাটির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘ইকোজ অব রেভ্যুলেশন ২.০’-এর সহ-প্রধান আয়োজক এবং স্পিরিটস অব জুলাইয়ের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি জুলাই বিপ্লবের চেতনা আরও উজ্জীবিত করতেই এ আয়োজন। গতবারের মতো এবারও কনসার্ট থেকে প্রাপ্ত সমগ্র অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর চলমান পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে।
আয়োজকরা আরও জানিয়েছেন, এবার বিশ্বখ্যাত তরুণ শিল্পী আতিফ আসলামকে কনসার্টে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার ব্যবস্থাপনা দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। ভেন্যু নির্ধারণ ও আয়োজনে প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সংবাদ সম্মেলন বা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
কনসার্টে দেশি-বিদেশি ব্যান্ড ও শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে দেশীয় লোকসংগীত ও জনপ্রিয় কাওয়ালি সংগীতে। পাশাপাশি জুলাই বিপ্লব-সংক্রান্ত আলোকচিত্র, গ্রাফিতি, মঞ্চনাটকসহ বিভিন্ন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপ্লব-পরবর্তী সময়ে নানা অপচেষ্টায় জুলাইয়ের চেতনা ম্লান করার ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে অভ্যুত্থানে পাশে থাকা অনেক সৈনিকের মধ্যেও দেখা যাচ্ছে বিভেদ। এ সুযোগে দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের পাশাপাশি জুলাইকে ধারণকারী বৃহত্তর জনগোষ্ঠীকে একত্রিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মটি গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোজ অব রেভ্যুলেশন’ শীর্ষক প্রথম চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল। রাহাত ফাতেহ আলী খানসহ দেশীয় শিল্পীরা এতে পারফর্ম করেন। কনসার্ট থেকে সংগৃহীত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রদান করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।















