বিনোদন

শুটিং সেটে অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৯:১১:৫৩ প্রিন্ট সংস্করণ

শুটিং করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন ভারতের ভোজপুরি সিনেমার ‘কুইন’ সঞ্জনা পাণ্ডে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন এই অভিনেত্রী।

শুটিং চলাকালে হঠাৎ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তার পোশাকে আগুন ধরে যায়।
আসন্ন সিনেমা ‘ভূতনি কা বদলা’-এর শুটিং সেটে ঘটেছে এই দুর্ঘটনা।

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে সিনেমাটির শুটিং চলছে।
জানা গেছে, একটি দৃশ্যে আগুন ব্যবহারের কথা ছিল।

সেই অনুযায়ী শুটিংও শুরু হয়। কিন্তু হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
মুহূর্তেই অগ্নিশিখা ছড়িয়ে পড়ে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের দিকে।
চোখের পলকে আগুন তার পোশাকেও লেগে যায়। পরিস্থিতি বুঝতে পেরে সেটে থাকা ইউনিটের কর্মীরা দ্রুত এগিয়ে আসেন। পানি দিয়ে আগুন নিভিয়ে তাৎক্ষণিকভাবে সঞ্জনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার বিবরণ দিতে গিয়ে সঞ্জনা জানান, চিত্রনাট্য অনুযায়ী ওই দৃশ্যে তাকে আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কিন্তু শুটিং চলাকালে হঠাৎ বাতাসের গতি বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় সঞ্জনা আহত হননি। শুটিং সেটে উপস্থিত অন্য কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর অভিনেত্রী নিজেও জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

এদিকে দুর্ঘটনার পরও সিনেমার কাজ নিয়ে আশাবাদী সঞ্জনা। তিনি জানান, গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী পুরো টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটিতে বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্যও ধারণ করা হয়েছে।

সঞ্জনার আশা, সিনেমাটি মুক্তির পর দর্শক এর গল্প, উপস্থাপনা এবং শিল্পীদের অভিনয় উপভোগ করবেন।

আরও খবর

Sponsered content