ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৭:১৬ প্রিন্ট সংস্করণ
রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজলুম জননেতা এটিএম আজহার সড়কে নেমে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বদরগঞ্জ পৌরশহরের শহীদ মিনারের সামনে তিনি রাস্তায় পড়ে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন এবং ময়লাগুলো ডাস্টবিনে ফেলেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন এবং প্রশংসা করেন।
স্থানীয় পথচারী আনিসুল ইসলাম বলেন, “এ রকম এমপি আমরা আগে কখনো দেখিনি। নিজ হাতে রাস্তা পরিষ্কার করছেন—এটা সত্যিই দৃষ্টান্তমূলক। আমরা চাই, তিনি সবসময় এ ধরনের ভালো কাজের মাধ্যমে জনগণের পাশে থাকুন।”
পরিচ্ছন্নতা অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য এটিএম আজহার বলেন, “সারা দেশে জামায়াতে ইসলামী-এর সংসদ সদস্যরা পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমি আমার নিজ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “শহরের যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”
এরপর সংসদ সদস্য বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, রোগীদের সঠিকভাবে চিকিৎসা প্রদান এবং নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ মো. রুস্তম আলী, উপজেলা আমির কামরুজ্জামান কবির, রংপুর জেলা জামায়াতের নেতা মাওলানা হান্নান খাঁসহ বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।





















