সারাদেশ

রোকনপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

  মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১৬ জুন ২০২৬ , ১১:৫৩:১৩ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এ সময় ওই নারীকে সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, “ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

উল্লেখ্য, এর আগে দুই দফায় গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ও রোকনপুর সীমান্ত দিয়ে ৪৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

আরও খবর

Sponsered content