প্রতিনিধি ৪ মার্চ ২০২৫ , ১১:১৫:৫৪ প্রিন্ট সংস্করণ
জহিরুল ইসলাম টিটু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গাছ পরিবহনকারী ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান আকাইদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আকাইদ মোটরসাইকেল চালক ছিলেন, তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী জোবায়ের (২৫) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সদর উপজেলার কাদিরার গোজা-করাতিরহাট সড়কের ইকবাল ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাইদ সদর উপজেলার শমসেরাবাদ গ্ৰামের মৃত মাসুদ শাহাজান ও করাতির হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা দম্পতির একমাত্র ছেলে। গত দু’ বছর আগে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সে ঢাকায় ডিপ্লোমা বিভাগে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতির হাট সড়কে গাছ বহনকৃত নসিমন গাড়ির (ট্রলি) সাথে আকাইদের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল বলেন, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছিল।
বাবার মৃত্যুর পর একমাত্র ছেলের এমন মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে বইছে শোকের মাতম।





















