জাতীয়

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে : নৌবাহিনী প্রধান

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৪৭:০৪ প্রিন্ট সংস্করণ

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আনন্দঘন পরিবেশে হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে ভোট দিয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

নৌবাহিনী প্রধান বলেন, “শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভোটের মাধ্যমে জাতি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে। মানুষ যেন গণতান্ত্রিক অধিকার ব্যবহার করতে পারে, ন্যায়-বিচার প্রতিষ্ঠিত হয় এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রত্যাশা নতুন সরকারের কাছে পৌঁছায়—এটাই আমাদের লক্ষ্য।”

সারা দেশে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশের ২৯৯ সংসদীয় আসনে ভোটাররা অংশগ্রহণ করবেন। মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ তৈরি করা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১,৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০)।

এবারের নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১,২৩২ জন।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ চলছে।

আরও খবর

Sponsered content