জাতীয়

উলিপুরে হাজী বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ৫:০১:৩৪ প্রিন্ট সংস্করণ

মোহাইমিনুল ইসলাম: কুড়িগ্রামের উলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করার দায়ে জনপ্রিয় খাবার প্রতিষ্ঠান হাজী বিরিয়ানি হাউজকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সম্প্রতি ওই বিরিয়ানি হাউজের এক গ্রাহকের পরিবেশিত বিরিয়ানির প্লেটে চুল পাওয়া সংক্রান্ত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। পরবর্তীতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মুশফিকুর রহমান, খাদ্য নমুনা সংগ্রহকারী দীপক কুমার রায়, উলিপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং নিরাপদ খাদ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

তদন্তে দেখা যায়, হাজী বিরিয়ানি হাউজে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছিল। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির সত্বাধিকারী রিয়াজুল ইসলামকে জরিমানা করা হয়।

এছাড়াও একই দিনে উলিপুর মধ্যবাজারে অবস্থিত শাহীন স্টোরকে রং মিশানো চিপস বিক্রির অভিযোগে জরিমানা করা হয়।

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা আপস বরদাস্ত করা হবে না।

আরও খবর

Sponsered content