প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৬:০১:২৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদসহ মঞ্চে উপস্থিত নেতাকর্মীরাও নিচে পড়ে যান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে দোহাজারী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে বন্যার্তদের ত্রাণ বিতরণের অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে এলে তার সঙ্গে আরও কিছু নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিট পরই মঞ্চটি ভেঙে পড়ে। এরপর ভাঙা মঞ্চটিতে দাঁড়িয়ে পাশের কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অর্থমন্ত্রী।
এদিকে, মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের কয়েকজনকে দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০), খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ত্রাণ বিতরণের সময় মঞ্চটি ভেঙে মন্ত্রীসহ উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ তেমন আহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে আমি অবগত নই। কারণ, তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।’





















