প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৩:০৭:০৪ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাইযোদ্ধা শরীফ ওসমান বিন হাদীর মর্মান্তিক মৃত্যুতে শোক ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। একই সাথে অবিলম্বে খুনীদের এবং তাদের পেছনের শক্তির বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জোটের নেতারা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান তারা।
বিবৃতিতে বলা হয়,গণতান্ত্রিক সংস্কার জোট ওসমান হাদীর উপর ঘটে যাওয়া এই পুরো ঘটনায় এবং সার্বিকভাবে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশাসন, গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত উন্নতিতে কার্যকর পদক্ষেপের দাবি জানায়।
জোটের শীর্ষ নেতা নাহিদ ইসলাম, হাসনাত কাইয়ূম ও মজিবুর রহমান মঞ্জু যৌথ বিবৃতিতে বলেন, পরাজিত ও পলাতক হাসিনার খুনী-সন্ত্রাসী, ভারতীয় আগ্রাসনবাদী ও দেশের মধ্যে লুকিয়ে থাকা দোসররা মিলে দেশে একটা চরম অরাজকতা তৈরি করতে চান। দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করতে চান। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ বানচাল করে এদেশে অগণতান্ত্রিক তৃতীয় শক্তির উত্থান তারা করতে চান।
বিবৃতিতে বলা হয়, তাদের উসকানিতে গত রাতে একাধিক পত্রিকা অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও কূটনীতিকের বাসভবনে হামলা হয়েছে, দেশ বরেণ্য সাংবাদিক ও জুলাইয়ের অন্যতম পক্ষশক্তি নূরুল কবিরকে নাজেহাল করা হয়েছে। এসব ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাকি জানান নেতৃবৃন্দ।
বিবৃতিতে দেশের এই ক্রান্তিলগ্নে শোকসন্তপ্ত জনগণকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। খুনী, সন্ত্রাসী ও দেশবিরোধী শক্তির উস্কানিতে পা না দিয়ে ধৈর্য্য ও দায়িত্বশীলতার সাথে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়।




















