প্রতিনিধি ২৯ জুন ২০২৬ , ১১:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ
চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে ফ্রান্সের জয়যাত্রা। আর ফরাসিদের এই দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি সুপারস্টারের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভূয়সী প্রশংসা করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার ও ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। এবারের বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেই ৪টি গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। আর তার এই অবিশ্বাস্য ফর্মে মুগ্ধ হয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো।
দীর্ঘদিন ধরেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈত রাজত্বের পরবর্তী যোগ্য উত্তরসূরি হিসেবে মনে করা হচ্ছে এমবাপ্পেকে। তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো এবার এই ফরাসি ফরোয়ার্ডের মধ্যে নিজের ছায়াও খুঁজে পেয়েছেন। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে এবারের বিশ্বকাপে নিজের গোল করার খাতা খোলেন এমবাপ্পে। পরবর্তী ম্যাচে ইরাকের বিপক্ষেও সেই একই সাফল্যের পুনরাবৃত্তি করে আরও দুই গোল করেন তিনি। নরওয়ের বিপক্ষে ম্যাচে নিজে জালের দেখা না পেলেও ফরাসিদের আক্রমণের প্রতিটি পরতে তার ভূমিকা ছিল স্পষ্ট। সেই ম্যাচে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সের পর ফরাসিদের আক্রমণভাগের গভীরতা নিয়ে প্রতিপক্ষ দলগুলোর মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের আক্রমণভাগের প্রধান অস্ত্র হয়ে ওঠা এমবাপ্পের শারীরিক ও টেকনিক্যাল দক্ষতার প্রশংসা করতে গিয়ে উচ্ছ্বসিত ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদো বলেন, এমবাপ্পে তাকে নিজের খেলোয়াড়ি জীবনের সেরা সময়ের কথাই মনে করিয়ে দিচ্ছেন। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার লড়াইয়েও এমবাপ্পে এবার সমানে সমান লড়ছেন। এই দুই মহাতারকার খেলা দেখে মুগ্ধ রোনালদো ফরাসি সংবাদমাধ্যম লে‘কিপ-কে বলেন, আপনাকে এটাও ভাবতে হবে যে আপনি পেছনে কী কীর্তি রেখে যাচ্ছেন। তবে কোনো সন্দেহ ছাড়াই এরা দুজনেই এমন খেলোয়াড়, যারা পরিসংখ্যানের ঊর্ধ্বে অবস্থান করছেন।
মেসির প্রশংসা করে রোনালদো আরও যোগ করেন যে, মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এবং সে আজও সমান প্রভাবশালী ও ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে সক্ষম। এরপর এমবাপ্পেকে নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, এমবাপ্পের খেলার ধরন আমাকে আমার নিজের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সে এবং এই খেলার কিংবদন্তিদের একদম যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
উল্লেখ্য যে, বর্তমান বিশ্বকাপে শুধু এমবাপ্পে একাই নন, আলো ছড়াচ্ছেন তার ক্লাব রিয়াল মাদ্রিদের অন্যান্য সতীর্থরাও। গোল করার তালিকায় ক্লাব হিসেবে এখন পর্যন্ত সবার ওপরে আছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। রিয়ালের খেলোয়াড়েরা এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে ১১টি গোল করেছেন, যার বড় অংশই এসেছে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে। এই দুজন খেলোয়াড় এখন পর্যন্ত চারটি করে গোল করেছেন। এর বাইরে বার্নাব্যুর অন্য প্রতিনিধিদের মধ্যে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহাম করেছেন দুটি গোল এবং তুরস্কের হয়ে গোল পেয়েছেন আরদা গুলের। রিয়াল তারকাদের এমন গোলবন্যা ক্লাবটিকে একটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা মিলে করেছিলেন ১২টি গোল। এবার সেই পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার খুব কাছে দাঁড়িয়ে আছে লস ব্লাঙ্কোরা।




















