এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১৫ নভেম্বর ২০২৫ , ৭:১৯:৩০ প্রিন্ট সংস্করণ
যশোরের শার্শায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় শার্শা মিনি স্টেডিয়াম থেকে শোডাউনটি শুরু হয়ে শার্শা বাজার, নাভারণ, বেনাপোলসহ ১১টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শার্শা বাজারে এসে সমাপ্ত হয়।
শোডাউনটি দেখতে বিভিন্ন এলাকার সাধারণ মানুষের ভিড় দেখা যায়। সমাপনী বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন, “শার্শাকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করবো। আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সাবেক আমির রেজাউল করিম, শার্শা উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। স্থানীয় রাজনীতিতে শক্তি প্রদর্শনের দিক থেকে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ শোডাউন হিসেবে বিবেচিত হচ্ছে।




















