সারাদেশ

শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, নৌকার মাঝি আটক

  ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৪ মার্চ ২০২৬ , ১০:২৬:০৪ প্রিন্ট সংস্করণ

 

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয় নৌকার মাঝি মোঃ এশার প্রামাণিককে পুলিশ আটক করেছে।

ঘটনাটি ঘটে বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার সময় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন-এর শ্রীফলতলা গ্রামের করতোয়া নদী ঘাটে। ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ দায়ের করলে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ভোরে বাড়ির পাশ দিয়ে প্রবাহমান করতোয়া নদী থেকে পানি আনছিলেন। ফেরার পথে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি মোঃ এশার প্রামাণিক তাকে জোরপূর্বক নেপিয়ার ঘাসের জমিতে নিয়ে যায়। অভিযুক্ত গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে এসে পরিবারের সদস্যদের জানিয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, “ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দান করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি মোঃ এশার প্রামাণিককে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ধর্ষণের কথা স্বীকার করেছে।”

পুলিশ এখন ঘটনার তদন্ত করছে এবং প্রক্রিয়াধীন মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও খবর

Sponsered content