সারাদেশ

শীত এলেই জমে ওঠে লেপ–তোষকের দোকান

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৭:৪০:৫৮ প্রিন্ট সংস্করণ

 

শীত মৌসুম ঘনিয়ে এলেই রাজশাহীর বিভিন্ন এলাকায় লেপ–তোষকের দোকানগুলোতে বাড়তে শুরু করে ব্যস্ততা। নতুন লেপ তৈরি, পুরোনো লেপ–তোষক মেরামত, আবার নতুন কাপড় ও তুলা দিয়ে পুনর্নির্মাণ—সব মিলিয়ে হেমন্তকাল থেকেই এই দোকানগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ে।

বিশেষ করে কার্তিক ও অগ্রহায়ণ মাস থেকে শীতের শেষ পর্যন্ত লেপ–তোষকের ব্যবসা সবচেয়ে বেশি জমে ওঠে। তীব্র শীত শুরু হলে চাহিদা আরও বাড়ে। অনেক ক্রেতা শীতের শুরুতেই পুরোনো লেপ বদলাতে বা নতুন লেপ বানাতে আসেন, কারণ শীতের প্রকোপ বাড়লে দোকানে কাজের চাপও বেড়ে যায়।

তবে ব্যবসায়ীরা জানান, কখনো কখনো তুলা ও কাপড়ের দাম বেড়ে গেলে কিংবা শীতের তীব্রতা কম থাকলে বিক্রি আশানুরূপ হয় না। সে সময় দোকানগুলোতে তুলনামূলকভাবে কাজ কমে যায় এবং অনেক কারিগর অলস সময় পার করেন।

লেপ–তোষকের দোকান মূলত একটি মৌসুমী ব্যবসা, যা পুরোপুরি শীতের ওপর নির্ভরশীল। এই সময়টাতে কারিগররা ব্যস্ত থাকেন নতুন লেপ তৈরির পাশাপাশি পুরোনো লেপ–তোষক সংস্কারের কাজে। তবে বাজার পরিস্থিতি ও কাঁচামালের দামের ওপর লাভ–ক্ষতি নির্ভর করে বলে জানান ব্যবসায়ীরা।

রাজশাহীতে এমন অনেক দোকান রয়েছে, যা বংশপরম্পরায় পরিচালিত হচ্ছে। কোথাও কোথাও দেখা যায়, বাবার রেখে যাওয়া লেপ–তোষকের দোকান এখনো ধরে রেখেছেন সন্তানেরা। এমনই এক দোকান টানা প্রায় ৬০ বছর ধরে একই পরিবার পরিচালনা করে আসছে। আধুনিক কম্বলের যুগেও ঐতিহ্যবাহী লেপ–তোষকের প্রতি মানুষের আগ্রহ এখনও কমেনি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content