প্রতিনিধি ১ আগস্ট ২০২৬ , ২:১৪:৫৫ প্রিন্ট সংস্করণ
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাব আর উন্নত করার কোনো পরিকল্পনা নেই বলেও জানা গেছে।
বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার থেকে রিয়াল মাদ্রিদের অনুশীলন শিবিরে যোগ দেওয়ার কথা ভিনিসিয়ুসের। তবে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকায় বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের বৈঠকের এখনো কোনো নির্দিষ্ট দিন ঠিক হয়নি। রিয়ালের অবস্থান পরিষ্কার—নতুন চুক্তিতে সই করবেন, নাকি অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ খুঁজবেন, সেই সিদ্ধান্ত এখন খেলোয়াড়েরই।
এদিকে ভিনিসিয়ুস ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলে তাকে দলে ভেড়ানোর দৌড়ে নিজেদের শক্ত অবস্থানে দেখছে আর্সেনাল। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত আর্সেনালের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ হয়নি।
দীর্ঘদিন ধরেই নতুন চুক্তি নিয়ে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুসের প্রতিনিধিদের মধ্যে টানাপোড়েন চলছে। গত মৌসুমেই জানা গিয়েছিল, চুক্তি নবায়নে তাড়াহুড়ো করতে চান না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিশ্বকাপের আগে আলোচনায়ও তেমন কোনো অগ্রগতি হয়নি।
২০১৮ সালে কিশোর বয়সে রিয়ালে যোগ দেওয়া ভিনিসিয়ুস সময়ের সঙ্গে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দুটি ইউরোপসেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের বিশ্বের সেরা ফুটবলারের পুরস্কারের ভোটে দ্বিতীয় হয়েছিলেন তিনি।
তবে গত মৌসুমে তৎকালীন প্রধান কোচ জাবি আলোনসোর অধীনে নিজেকে স্বাচ্ছন্দ্যে খুঁজে পাননি ভিনিসিয়ুস। একবার বদলি হওয়ার সিদ্ধান্তে মাঠেই অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। একই সঙ্গে টানা দুই মৌসুম বড় কোনো শিরোপা জিততে না পারায় রিয়ালের ভেতরেও হতাশা তৈরি হয়েছে।
এরই মধ্যে দলবদলের বাজারে সক্রিয় রিয়াল। নতুন করে দলে যোগ দিয়েছেন ফরোয়ার্ড কার্লোস এস্পি। পাশাপাশি উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়ানোর কাজও প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে দলে টানার ব্যাপারেও আশাবাদী স্পেনের ক্লাবটি।
আগামী শনিবার অস্ট্রিয়ায় ইতালির ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এর আগে আলকরকন ও লেগানেসের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলেছে তারা। নতুন দুই ফুটবলার ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এস্পিকেও দলে রাখা হয়েছে।



