মাগুরা প্রতিনিধি, দৈনিক মতপ্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনকে উদ্দেশ্য করে অপপ্রচার ও হেয়প্রতিপন্নের অভিযোগ উঠেছে। এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনাটি গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের। শেখপাড়া গ্রামের ইলিয়াজ আলীর মেয়ে আফিয়া খাতুন (৬) অসুস্থ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লেনি রানী দাস তাকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রেফার করেন।
রোগীর স্বজনদের অভিযোগ, রেফার করার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে দেননি।
তবে এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক আকিদুল ইসলাম বলেন, “অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী আছে—স্যার বিষয়টি জানতেন না। আমিও বিষয়টি তাকে জানাইনি।”
অভিযোগ অস্বীকার করে ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, “অ্যাম্বুলেন্সটি সার্বক্ষণিক রোগীদের সেবায় নিয়োজিত থাকে এবং প্রয়োজনে সরকারি কাজেও ব্যবহৃত হয়। আমি জানতাম না যে, অ্যাম্বুলেন্সে রোগী ছিল। আমাকে হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন সময় অপতৎপরতা চালানো হচ্ছে। আমার নাম জড়িয়ে কিছু অনলাইন মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে কি না—তা এখনো জানা যায়নি।




















