লাকসাম প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৪:৫২:১৪ প্রিন্ট সংস্করণ
সিলেট থেকে লক্ষ্মীপুরগামী সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ভোর ৪টা ১৫ মিনিটের দিকে লাকসামের ফয়েজগঞ্জ পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে একটি মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গতি অত্যধিক ছিল, যার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত বাসটিতে থাকা কোনো যাত্রী নিহত না হলেও অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং দ্রুতগতির যান চলাচল নিয়ে ফের উদ্বেগ দেখা দিয়েছে।
বাসচালকের গাফিলতি নাকি অন্য কোনো কারণ — তা তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
রবিউল হোসেন /এমআই




















