প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৬:০০:৩৬ প্রিন্ট সংস্করণ
সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মন-মানসিকতা কী? তারা কি আগের মতোই থাকতে চায়, নাকি পরিবর্তন হতে চায়; সে ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনো শুনিনি। যদিও একটি নতুন রাজনৈতিক দল, যারা এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল এনসিপি; তাদের কাছ থেকে কিছু কথা শুনেছি, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে বা যাবে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকে সে ধরনের অঙ্গীকার এখনো পাইনি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি। নানা ধরনের ক্যাম্পেইন চলছে। যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই। তারা সব ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের কাছে টাকা-পয়সা আছে, বিদেশি মদদও আছে।’
উপদেষ্টা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনকে মাঠে নামতে হবে। এর জন্য যে সহযোগিতা প্রয়োজন, সরকার তা অবশ্যই করবে। সরকার তো নির্বাচন দিতে চায়, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যেই আসুক না কেন, তার কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। জুলাই সনদে বহু বিষয় রয়েছে, যেগুলো বাস্তবায়ন না হলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। ন্যূনতম সংস্কার না হলে অতীতের সবকিছুই বহাল থাকবে। সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে হবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত প্রমুখ।





















