সারাদেশ

কিশোরগঞ্জে জামায়াত আমির চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০০:৪২ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ চোরাগোপ্তা পথে ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যে-ই জিতুক আমরা তাদের বরণ করে নেবো, কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।’

আজ মঙ্গলবার বেলা ১১টায় কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘অতীতের কাসুন্দি জনগণ এখন আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি টানতে চায় বর্তমান যুব সমাজ। জনগণ যদি ভালোবেসে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নেন, তাহলে আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলাম বিজয়ী হলে দেশ হবে চাঁদাবাজমুক্ত। ন্যায়নীতি ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘২৪ এর আদর্শ ধারণ করে দেশ এগিয়ে যাবে। ফ্যাসিস্টদের বাংলার মাটিতে আর ফিরতে দেওয়া হবে না।’

দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে সোচ্চার থাকায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচারে লেগেছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন,‘আমরা প্রশাসনের কাছে আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার যদি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হয়, তাহলে কঠিন জবাব দেওয়া হবে।’

জনসভায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা শফিকুল ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের জন্য সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির। এ ছাড়া তিনি জেলার অন্য ছয়জন প্রার্থীকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।

কটিয়াদী উপজেলা জামায়াত ইসলামের আমির মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিতে জনসভায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াত ইসলামের সভাপতি অধ্যাপক রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মেজর অব. আক্তারুজ্জামান রঞ্জন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

আরও খবর

Sponsered content