সারাদেশ

মদনে মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ১৩ অক্টোবর ২০২৬ , ৪:৪১:৫০ প্রিন্ট সংস্করণ

 

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে মদন পৌরসভার শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শওদাগর পাড়া বালুর মাঠে অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পুলিশের অভিযানের সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন—মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে মদন বাজার এলাকায় বসবাসকারী মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯), হুমায়ুন কবির (৩২), মো. মানিক (৩০) ও তারেক (২৪)।

পুলিশ জানায়, হিরা মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্য আটক ব্যক্তিদের মধ্যে হুমায়ুন কবির মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে, মো. মানিক কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে এবং তারেক আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content