সারাদেশ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ১২:০৪:৩০ প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর আগানগর এলাকায় অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগার ঘটনায় মধ্যরাতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছায়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৩ জন নারী বলে ধারণা করা হচ্ছে। তবে দেহগুলো এতটাই দগ্ধ যে, প্রযুক্তির সহায়তা ছাড়া সঠিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত শুধু একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে—মিম আক্তার পাখি, তিনি দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার বাসিন্দা।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২ লাখ টাকা করে এবং আহতদের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্যও সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আহতদের দেখতে রাজধানীর বার্ণ ইউনিটে ছুটে যান ঢাকা জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

উল্লেখ্য, শনিবার দুপুর পৌনে ১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তখন ওই কারখানায় ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content