বিনোদন

শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৬ , ২:৩৮:১১ প্রিন্ট সংস্করণ

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়ে আহত হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। জানিয়েছেন, ঘটনাটি তার জন্য ছিল ভীষণ ভীতিকর। তবে দুর্ঘটনায় কারও কোনো দোষ নেই বলেও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

প্রিয়ন্তী লিখেছেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা তখন মহাখালী ক্যানসার ইনস্টিটিউটে শুট করছিলাম। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’

দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না প্রিয়ন্তী। তার ভাষ্য, ‘এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্যদিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’

আঘাতের পর নাক ফুলে গেলেও ভেঙে যায়নি বলে জানিয়েছেন প্রিয়ন্তী। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

জানা গেছে, প্রিয়ন্তী উর্বী এই মুহূর্তে‘মনের মতো’ নাটকের শুটিং করছেন। রাসেল আজম পরিচালিত এই নাটকে তার বিপরীতে রয়েছেন আরশ খান।

আরও খবর

Sponsered content