স্বাস্থ্য

সিএসআর প্রোগ্রামের আওতায় আইসিডিডিআর,বি-কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯:২২:২৬ প্রিন্ট সংস্করণ

সার্ভাইক্যাল (জরায়ুমুখ) ক্যান্সার প্রতিরোধে নারী পুলিশ সদস্যদের এইচপিভি টিকা প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইসিডিডিআর,বি-কে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) তহবিলের আওতায় আর্থিক সহায়তা প্রদান করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

‘নারী পুলিশ সদস্যদের মধ্যে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান, সচেতনতা সৃষ্টি ও প্রতিবন্ধকতা নিরসন’ শীর্ষক কর্মসূচির আওতায় সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এএফপিবি) ১৮ থেকে ৪৫ বছর বয়সী ১৮৮ জন নারী সদস্যকে এই স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা হচ্ছে। কিশোরীদের বাইরে প্রাপ্তবয়স্ক কর্মজীবী নারীদের টিকা দেওয়ার এই পদক্ষেপকে স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আইসিডিডিআর,বি-র সহকারী বিজ্ঞানী ডা. রিজওয়ানা খানের নেতৃত্বে সাতটি ধাপে প্রকল্পটি বাস্তবায়িত হবে—যার মধ্যে রয়েছে নৈতিক অনুমোদন, জরিপ, সচেতনতা বৃদ্ধি, টিকাদান, পর্যবেক্ষণ, মূল্যায়ন ও চূড়ান্ত ফলাফল প্রকাশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকী চেক হস্তান্তরের পাশাপাশি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও ব্যাংকের চেয়ারম্যান মোঃ আলী হোসেন ফকির বলেন, নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা তাদের অন্যতম অগ্রাধিকার এবং এই উদ্যোগ কর্মক্ষেত্রভিত্তিক টিকাদানের একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলার আশাবাদ ব্যক্ত করেন এবং আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ জানান, এ সংক্রান্ত গবেষণা জাতীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content