প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ২:৫৫:২৭ প্রিন্ট সংস্করণ
প্রান্তিক পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২২ সালে প্রায় এক কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা ভবন নির্মাণ করেছিল সরকার। ভবনের নকশা ও কাঠামো অনুযায়ী এখানে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং একজন ফার্মাসিস্টসহ অন্তত ১১ জন কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পালন করার কথা। এছাড়া নরমাল ডেলিভারির সুবিধাসহ তিন শয্যার ওয়ার্ড ও আবাসিক ব্যবস্থাও রয়েছে সেখানে।
অথচ সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রটির কার্যক্রম নেই বললেই চলে। শনিবার (২৭ জুন) সকাল ১০টা ১৬ মিনিটে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির প্রধান ফটকের তালা খুলে ভেতরে কেবল একজন আয়া বসে আছেন। অথচ নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকেই কেন্দ্রটিতে সেবা কার্যক্রম শুরুর কথা। চিকিৎসকের অপেক্ষায় এসে রোগীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এমনকি ভবনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। প্রয়োজনীয় জনবলের অভাবে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি বর্তমানে কোনো কাজেই আসছে না, ফলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।




















