মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁয় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদরের হাপানিয়া বাজারসংলগ্ন টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) জোন অফিসে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দ্য ওয়ার্ল্ড-এর সহযোগিতায় টিএমএসএস বাস্তবায়িত “সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (SMART)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের বিষয় ছিল জলবায়ু ঝুঁকিপূর্ণতা ও জলবায়ু সহনশীল রিসোর্স এফিসিয়েন্ট ক্লিনার প্রোডাকশন (RCP)। এতে অটো খাতের বিভিন্ন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালার সঞ্চালনা করেন টিএমএসএস-এর আরইসিপি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। উদ্বোধন করেন টিএমএসএস নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মো. হানজালাল রহমান।
রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাকটর শাহারিয়ার নাফিজ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নওগাঁ-এর উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস ডোমেইন রাজশাহী বিভাগের উপ-পরিচালক (অপারেশন-৩) এস. এম. বাবুল, পরামর্শক (মামলা) ডোমেইন-৩ মনিরুল ইসলাম, নওগাঁ জোনের ব্রাঞ্চ ম্যানেজার মাহবুব আলম, টেকনিক্যাল কর্মকর্তা মো. হারুন অর রশিদ রিয়াদ ও অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কর্মকর্তা মো. মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি নিরূপণ, অগ্নি নিরাপত্তা, পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন পদ্ধতি এবং উদ্যোক্তাদের জন্য টেকসই ও দক্ষ সম্পদ ব্যবহারের মাধ্যমে আরইসিপি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।




















