সারাদেশ

সরকারি জমি পেয়েও দখলহীন হেলেনা বেগম, কাটছে অনিশ্চয়তার দিন

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৩:০২:৩৭ প্রিন্ট সংস্করণ

৯ বছর ধরে বন্দোবস্তের জমির দখলবঞ্চিত হেলেনা বেগম।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে রাঁধুনীর কাজ করেন হেলেনা বেগম। জীবিকার পাশাপাশি তিনি হতদরিদ্র ও ভূমিহীন তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ২০১৬ সালে সরকারের কাছ থেকে ৫ শতাংশ জমির বন্দোবস্ত পান। কিন্তু নয় বছর পেরিয়ে গেলেও এখনো সেই জমির দখল পাননি তিনি।

হেলেনা বেগমের বাড়ি উপজেলার বহরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামে। বন্দোবস্ত মামলা নং-৪০/২০১৬ অনুযায়ী মহব্বতপুর মৌজায় তাকে ৫ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়। তবে জমিটির সঠিক অবস্থান কোথায়—এখনো তা তিনি জানতে পারেননি।

হেলেনা বেগম বলেন, “আমি খুব কষ্টে দিন কাটাচ্ছি। যদি জমিটুকু খুঁজে পেতাম, নিজের একটা ঘর করতে পারতাম। সরকার জমি দিয়েছে, কিন্তু দখল পাইনি।”

শুধু হেলেনা নন, তার মা আমেনা বেগমকেও একই সময়ে একই মৌজায় ১০ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়া হয়। তিনিও দখল পাননি।
আমেনা বেগম বলেন, “জমির দখল পেতে অনেক টাকা-পয়সা খরচ করেছি। এখন বয়স হয়েছে, জানি না জীবদ্দশায় দখল পাব কিনা।”

এ বিষয়ে মনতলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মজিবুর রহমান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এলেই আমরা জমিটি শনাক্ত করে দখল বুঝিয়ে দেব।”

মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারের ভূমি বন্দোবস্ত কর্মসূচির লক্ষ্য ছিল ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু মাধবপুরের হেলেনা ও আমেনার মতো উদাহরণ দেখায়—দরিদ্রদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ এখনো কতটা ধীরগতির।

আরও খবর

Sponsered content