শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা ১ এপ্রিল ২০২৬ , ১২:০৪:৫১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরায় চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে সাংবাদিকদের পেশাগত কাজে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তেলের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (৩০ মার্চ) সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন ও ভোগান্তি বিরাজ করছে। সাধারণ মানুষের পাশাপাশি সংবাদকর্মীরাও মোটরসাইকেল নিয়ে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও অনেক ক্ষেত্রে তেল পাচ্ছেন না।
সাংবাদিকদের অভিযোগ, কিছু পাম্পে তাদের জন্য কোনো অগ্রাধিকার দেওয়া হচ্ছে না। পেশাগত পরিচয়পত্র দেখালেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না, বরং দুর্ব্যবহারের শিকার হওয়ার ঘটনাও ঘটছে।
এ পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকায় সংবাদ সংগ্রহ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা, অগ্নিকাণ্ডসহ জরুরি ঘটনার সংবাদ সংগ্রহে দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে ভাড়ায় যানবাহন ব্যবহার করতে গিয়ে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে, যা অনেক সাংবাদিকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সচেতন মহলের মতে, তথ্যপ্রবাহ স্বাভাবিক রাখতে সাংবাদিকদের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলোতে ন্যূনতম অগ্রাধিকার না থাকলে তা সাধারণ মানুষের তথ্য জানার অধিকারেও প্রভাব ফেলতে পারে।
এ অবস্থায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের দাবি, পরিচয়পত্রের ভিত্তিতে প্রতিটি পাম্পে সীমিত পরিসরে হলেও সাংবাদিকদের জন্য আলাদা বুথ বা দ্রুত সেবা নিশ্চিত করা হোক। অন্যথায় মাঠপর্যায়ের সাংবাদিকতা আরও স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।




















