স্টাফ রিপোর্টার: ২১ ডিসেম্বর ২০২৫ , ৯:৫১:১২ প্রিন্ট সংস্করণ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে তিন ফসলি কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে ৩ থেকে ৪ ফুট গভীর করে জমির মাটি কেটে ট্রাকযোগে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে কৃষিজমির মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝবাড়ী গ্রামের কৃষক মিজানুর রহমান পিন্টু, জিয়াউর রহমান মোল্লা ও আবু বক্কর সিদ্দিক জমির মাটি বিক্রি করেছেন। একই গ্রামের আব্দুল মোল্লা ও আবু বক্কর সিদ্দিক বক্কা ওই মাটি কেটে নিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ জমির টপ সয়েল কেটে নেওয়া হয়েছে, ফলে জমিগুলো ৩ থেকে ৪ ফুট পর্যন্ত নিচু হয়ে গেছে।
মাটি পরিবহনের জন্য ট্রাক চলাচলের সুবিধার্থে আশপাশের কৃষিজমির ওপর দিয়ে জোরপূর্বক অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে। এতে একাধিক কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ফুলবাড়ি গোহাটি থেকে রামচন্দ্রপুরগামী গ্রামীণ সড়কেও ব্যাপক ক্ষতি হয়েছে। সদ্য সংস্কার করা সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা জনসাধারণের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
কৃষকদের অভিযোগ, তারা একাধিকবার মাটি কাটায় বাধা দিলেও ইটভাটার সঙ্গে জড়িত লোকজন জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছে। এতে বর্ষা মৌসুমে জমি ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা। এছাড়া কৃষিজমির উপরের উর্বর টপ সয়েল কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষক শহিদুল ইসলাম মজনু বলেন, “আমার জমির চারপাশে কয়েকদিন ধরে মাটি কাটার হিড়িক চলছে। পাশের জমি প্রায় ৪ ফুট নিচু হয়ে গেছে। বর্ষাকালে আমার জমি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কৃষকরা দলবদ্ধভাবে প্রতিবাদ করলেও তারা জোর করে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে গ্রামের পাকা রাস্তাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। প্রশাসনের কাছে দ্রুত প্রতিকার চাই।”
আইন অনুযায়ী কৃষিজমির টপ সয়েল কাটা দণ্ডনীয় অপরাধ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে টপ সয়েল কেটে নেওয়া হলে একদিকে কৃষিজমি হ্রাস পাবে, অন্যদিকে জমির উর্বরতা নষ্ট হয়ে ভবিষ্যতে খাদ্য উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস বলেন, “কৃষিজমির টপ সয়েল কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কোনোভাবেই এর অনুমতি নেই। খুব শিগগিরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















