নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৮ ডিসেম্বর ২০২৫ , ৮:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ
সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।
সোমবার (৮ ডিসেম্বর) সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত এসপি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সে কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
কাজী আখতার উল আলম জানান, তিনি ময়মনসিংহ থেকে বদলি হয়ে সিলেটে এসেছেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। সভায় যোগদানের পর সিলেটের জন্য নিজের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংবাদকর্মীদের তথ্য ও গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের সহযোগিতা পেলে সিলেট জেলাকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত করা সম্ভব।
নবাগত পুলিশ সুপার সিলেটে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষ, গণমাধ্যম, সুশীল সমাজসহ সব শ্রেণি–পেশার মানুষের সমন্বিত সহযোগিতা কামনা করেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















