সিলেট প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৬ , ৩:১২:২৮ প্রিন্ট সংস্করণ
সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন নয়াবাজার সোনালী আবাসিক এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে জালালাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. শহীদ আহমদ (৪৩)। অভিযোগে হামলা, গুরুতর আহত করা, ছিনতাই এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন মিছবা (৩২), তানভীর (১৯), রাকীব (১৯), সামির (১৯) ও সানুর (৪০)। তাদের সবাই জালালাবাদ থানাধীন নয়াবাজার এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩ জুলাই রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে নয়াবাজার সোনালী আবাসিক এলাকার প্রবেশমুখে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে অভিযোগকারীর বড় ছেলে, যিনি বিদেশগামী যাত্রী, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। অভিযোগ অনুযায়ী, ছোট ছেলেকেও রাস্তায় ফেলে কিল-ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, দুই ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে মো. শহীদ আহমদ ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার রিনাও হামলার শিকার হন। অভিযোগকারীর দাবি, ঘটনার দৃশ্য এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় অভিযোগকারীর সন্তানদের মারধর করে রক্তাক্ত জখম করার পাশাপাশি তাদের সঙ্গে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জালালাবাদ থানার পক্ষ থেকে অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হলেও এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।





















