সারাদেশ

যশোরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর, নেতাকর্মীদের ক্ষোভ

  সাঈদ ইবনে হানিফ ৬ জুন ২০২৬ , ৮:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

 

যশোরের বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড (জঙ্গলবাঁধাল) বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ওয়ার্ড বিএনপির কার্যালয়ের লোহার গ্রিলের দরজার তালা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসের আসবাবপত্র, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্রেমে বাঁধানো ছবিসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়।

শনিবার সকালে পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় নেতাকর্মীদের খবর দেন। পরে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসীও সেখানে জড়ো হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সফিয়ার রহমান শফি, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, যুবদল সভাপতি ফিরোজ খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান।

জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী বশির আহমদ বলেন, “আমি বিদ্যালয়ে দায়িত্বে ছিলাম। তবে ভাঙচুরের বিষয়টি সম্পর্কে কিছু জানি না। রাতে ঘুমিয়ে পড়েছিলাম।”

সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সফিয়ার রহমান শফি বলেন, “রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে তারা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

এদিকে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও খবর

Sponsered content