আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:২৩:১৪ প্রিন্ট সংস্করণ
সিলেট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, সাধারণ ভোটারদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতাও তত বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।
নির্বাচনী প্রচারণায় খন্দকার আব্দুল মুক্তাদির যেখানেই যাচ্ছেন, সেখানেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত জনসমাগম। পাড়া-মহল্লা, বাজার, গ্রাম ও নগরের অলিগলিতে তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। অনেক জায়গায় তাঁর গণসংযোগ রূপ নিচ্ছে মিছিলে। প্রচারণা ঘিরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, প্রচারণার পথে পথে সব বয়সী মানুষ খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। বিভিন্ন এলাকায় নারীরা বাসা-বাড়ির সামনে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে তাঁকে বরণ করে নিচ্ছেন। পুরুষ ভোটাররা হাত মিলিয়ে কথা বলছেন, কেউ কেউ সরাসরি নিজ এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। কর্মসংস্থান, দ্রব্যমূল্য, নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও চিকিৎসাসহ নানা বিষয়ে কথা বলছেন ভোটাররা। এসব বিষয়ে ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে তাঁদের কথা শুনছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
এদিকে, তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কুয়ারপার পয়েন্ট থেকে তাঁর নেতৃত্বে একটি প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি কুয়ারপার, লালাদিঘীর পাড়, ওসমানী মেডিকেল রোড, ভাতালিয়া, মুন্সিপাড়া, মীরের ময়দান ও রাজারগলি হয়ে শাহজালাল (রহ.) মাজার গেটের সামনে গিয়ে শেষ হয়।
গণসংযোগ ও প্রচার মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। মিছিলটি বিভিন্ন এলাকা অতিক্রম করার সময় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সমর্থনে স্লোগান দেন এবং বিভিন্ন বাসা-বাড়ি থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
প্রচার মিছিলে মহানগর বিএনপি, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















