মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ১৭ জুন ২০২৬ , ১০:২৪:৫৬ প্রিন্ট সংস্করণ
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদ ও প্রাচীন গৌড় অঞ্চলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেছেন।
বুধবার (১৭ জুন) সকালে তিনি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ঘুরে দেখেন। এ সময় তিনি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন তথ্য জানতে চান।
সফরের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রমও পরিদর্শন করেন।
পরে তিনি সোনামসজিদ বিজিবি বিওপিতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সামগ্রিক সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সফরকালে রাষ্ট্রদূত প্রাচীন গৌড় অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সীমান্ত এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তারা মনে করছেন, এ সফর বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ বৃদ্ধির প্রতিফলন।
উল্লেখ্য, ছোট সোনামসজিদ সুলতানি আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক, গবেষক ও ইতিহাস অনুরাগী এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শনে আসেন।




















